রনজিলা পারভীনের মৃত্যু: তদন্ত চলছে, এখনই অপরাধী বলা যাচ্ছে না: ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের হাতে রিকশা থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় থানা পুলিশের নিয়মিত তদন্তের বাইরেও গোয়েন্দা পুলিশ আলাদাভাবে ছায়া তদন্ত চালাচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় আনতে আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন আশ্বাস দেন গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করায় শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট এ বিষয়ে কাজ করছে। তবে তদন্ত যেহেতু চলমান প্রক্রিয়া, এই মুহূর্তে নির্দিষ্টভাবে কাউকে মূল অপরাধী বলা সঠিক হবে না।
এ ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে একজনের বিরুদ্ধে ১২টি ছিনতাইয়ের মামলা রয়েছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তাকে একেবারে নির্দোষ বলার কোনো সুযোগ নেই। তবুও তদন্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা নিয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। মূল আসামিকে খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ডিএমপির গোয়েন্দা পুলিশ স্পর্শকাতর ঘটনায় থানা তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত করে থাকে, এ ঘটনাতেও তাদের নজর রয়েছে।
সংসদ ভবনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় একজন শিক্ষকের এভাবে প্রাণ হারানোয় নিরাপত্তাব্যবস্থায় ফাঁক ছিল কি না, পুলিশের দায়িত্বে অবহেলা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে এই ডিবি কর্মকর্তা বলেন, তদন্তের ফলাফল আসার আগে অবহেলার বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

