জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদের বিকল্প নেই: শাহদাত সেলিম
জুলাই সনদে গৃহীত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবে রূপ দিতে হলে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকারের ওপরই আস্থা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য শাহদাত হোসাইন সেলিম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একটি বিশেষ কমিটি গঠন করে এ কাজ এগিয়ে নিতে হবে। শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সংস্কার কতদূর? অগ্রগতি, বাধা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহদাত হোসাইন সেলিম জানান, জুলাই সনদের ৮৪টি বিষয়ের মধ্যে ১৬টিতে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ ছিল, যা শুধু বিএনপির দেওয়া নয়। তিনি অভিযোগ করেন, বিভিন্ন কমিশনের প্রস্তাবগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে বিএনপিকে হাত-পা বেঁধে কাজ করতে হয়। তবে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। এ সময় নারী নেতৃত্বের বিষয়ে তিনি উল্লেখ করেন যে, নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি আরও ৫০টি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে।
বিএনপির এই সংসদ সদস্য স্পষ্ট করে জানান, জুলাই সনদের অধিকাংশ সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংবিধান ও বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন অপরিহার্য। এমনকি প্রয়োজনে নতুন আইনও প্রণয়ন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই আইনি প্রক্রিয়া এবং সংস্কার কার্যক্রম শেষ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার ও সংসদকেই সম্পন্ন করতে হবে, এর বাইরে বাস্তবসম্মত কোনো পথ খোলা নেই।

