কাফরুলের হত্যাকাণ্ড: সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি
রাজধানীর মিরপুরের কাফরুলে সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ নিহতের ঘটনায় নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বলে দাবি করেছেন কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। তিনি বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণকে কেন্দ্র করে প্রতিপক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব কথা জানান তিনি। জনি জানান, গত ২৪ জুলাই রাতে ওই এলাকায় সন্ত্রাসী হামলায় ইউসুফসহ তিনজন গুলিবিদ্ধ হলে পরে ইউসুফ মারা যান। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে হত্যাকাণ্ডের মোটিভ ব্যাখ্যা করেছে। তবে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু গতকাল এক সংবাদ সম্মেলনে তাকে (জনি) এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাব্বির দেওয়ান জনি প্রশ্ন রাখেন, তদন্ত শেষ হওয়ার আগেই এবং আইন নিজের গতিতে চলার সময় কেন তদন্তকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এই মিথ্যা অভিযোগের মাধ্যমে তার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার পাঁয়তারা চলছে। তিনি স্পষ্টভাবে জানান, এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয় এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই।

