মালেতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্কে নতুন ছক
মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহযোগিতা এবং সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমির বিকাশসহ একাধিক বিষয়ে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সরাসরি সমুদ্রপথে জাহাজ চলাচল চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজতর করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া সম্ভাব্য উচ্চপর্যায়ের পারস্পরিক সফরের বিষয়টিও এই বৈঠকে সামনে আসে।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতির কথা তুলে ধরেন। দুই বন্ধুভাবাপন্ন দেশের জনগণের মধ্যে সরাসরি সম্পর্ক গভীর করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

