তরুণ প্রজন্মের সঠিক পথনির্দেশনায় দেশ এগিয়ে যাবে: শ্রমমন্ত্রী আরিফুল হক

প্রাইম বার্তা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ১২:৫৯ এএম
তরুণ প্রজন্মের সঠিক পথনির্দেশনায় দেশ এগিয়ে যাবে: শ্রমমন্ত্রী আরিফুল হক

রোববার (২৬ জুলাই) রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলন কক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম অসাধারণ মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে এই তরুণরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী জানান, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। দক্ষ জনশক্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি অসম্ভব। চীন তাদের দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়েই বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। উন্নত বিশ্বে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ সবার আগে গুরুত্ব পেলেও, দেশের কলকারখানাগুলোতে এখনও বিষয়টি অবহেলিত থাকছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

শ্রম পরিদর্শকদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনের নামে কেবল আনুষ্ঠানিকতা নয়, শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের আসল সমস্যাগুলো বুঝতে হবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। এছাড়া তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে অকারণে সময় নষ্ট না করে সৃজনশীল কাজ ও জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...