চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর ১০ তলা ভবনে ককটেল হামলা
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিনের নির্মাণাধীন ১০ তলা ভবনে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ২০ লাখ টাকা চাঁদার দাবি অগ্রাহ্য হলে রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন এবং তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি টেম্পোযোগে এসে ভবনে ঢুকে পড়ে। তারা কাজরত শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের ধাওয়া করে মারধর শুরু করে। দরজা-জানালা ভেঙে গুঁড়িয়ে দেয় হামলাকারীরা। এ সময় নির্মাণশ্রমিক হাসান সাকিকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। শেষে তিনটি ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, হামলার পুরো দৃশ্য সিসিটিভিতে রেকর্ড হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের কাজ চলছে। অন্যদিকে ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। শহরে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার পর কিছুদিন তারা নীরব থাকলেও সম্প্রতি আবারও চাপ বাড়াতে শুরু করে। আজকের ঘটনার পর থানায় মামলার প্রস্তুতি চলছে।

