তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ, কর্মক্ষেত্রে নিরাপত্তায় শ্রমমন্ত্রীর নির্দেশনা

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ১১:০৭ পিএম
তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ, কর্মক্ষেত্রে নিরাপত্তায় শ্রমমন্ত্রীর নির্দেশনা

রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনে রোববার (২৬ জুলাই) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের তরুণ প্রজন্ম অসাধারণ মেধা ও সম্ভাবনার অধিকারী। সঠিক পথনির্দেশনা পেলে তারা জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী জানান, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। দক্ষ জনশক্তি ছাড়া কোনো জাতির উত্থান সম্ভব নয়। চীনের উদাহরণ টেনে তিনি বলেন, দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়েই চীন বিশ্ব অর্থনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছে। একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, উন্নত বিশ্বে কর্মক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও দেশের কলকারখানাগুলোতে এই বিষয়ে এখনও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।

শ্রম পরিদর্শকদের প্রতি সুস্পষ্ট বার্তা দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনের নামে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বাস্তব সমস্যাগুলো বুঝতে হবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমে অকারণে সময় নষ্ট না করে সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কাজে মন দেওয়ারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...