বন্যায় বিপর্যস্তদের দুর্ভোগ অব্যাহত: পুনর্বাসনে জোর দিলেন এরশাদ উল্লাহ

প্রাইম বার্তা অনলাইন
২৬ জুলাই ২০২৬ ১০:৪২ পিএম
বন্যায় বিপর্যস্তদের দুর্ভোগ অব্যাহত: পুনর্বাসনে জোর দিলেন এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, সাম্প্রতিক বন্যায় পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট এখনো শেষ হয়নি। অনেক পরিবার তাদের ঘরবাড়ি, জীবিকা ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে এখনো সংকটে রয়েছে। তাই দ্রুত পুনর্বাসন কার্যক্রম শুরু করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

রোববার (২৬ জুলাই) মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পুনর্বাসন কাজে গতি আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মহানগর বিএনপির সব থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ ও প্রয়োজন নিরূপণে সমন্বিতভাবে কাজ করবেন। এছাড়া সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান এরশাদ উল্লাহ। সভায় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...