বিপ্লবের গল্পে মানুষের ভাগ্য বদলাবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল
শুধু বিপ্লবের কথা শুনিয়ে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নত করা সম্ভব নয়, বরং দেশ ও মানুষের প্রতি নিবেদিত কাজের মাধ্যমেই প্রকৃত পরিবর্তন আসবে বলে মত দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সেই দিকনির্দেশনাই দিচ্ছেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শহীদদের স্মরণে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যারা সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন বা যাদের প্রভাবে সরকার চলেছে, তারা জুলাইয়ের চেতনা ও আবেগ সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কারণে তারা জুলাই শহীদদের অবমাননা করেছেন বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে কাজের মাধ্যমে তাদের যথার্থ মূল্যায়নে নিয়োজিত আছেন বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও স্মরণ করিয়ে দেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার কর্মীকে নৃশংসভাবে হত্যা ও গুম করা হয়েছে। শুধু বিএনপি নয়, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছেন, তারাও খুন, গুম, মামলা ও কারানির্যাতনের শিকার হয়েছেন।

