মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়াই সরকারের প্রধান লক্ষ্য: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, একটি সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। গত ২৬ জুলাই রোববার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশকেই তিনি দেশের বর্তমান ও ভবিষ্যৎ অগ্রগতির মূল ভিত্তি হিসেবে দেখেন।
প্রধানমন্ত্রী জানান, সরকার ক্রীড়াকে কেবল শারীরিক চর্চা বা বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি মনে করেন, মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়াতে ক্রীড়া একটি শক্তিশালী হাতিয়ার। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন হয়েছিল। এরপর দেশজুড়ে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই আয়োজনের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশু-কিশোর ও তরুণ সমাজই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ও ইতিবাচক মূল্যবোধ তৈরিতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়।

