অনলাইনে মাদক বাণিজ্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, পাস হলো নতুন বিল

প্রাইম বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৬ ১১:০৮ পিএম
অনলাইনে মাদক বাণিজ্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, পাস হলো নতুন বিল

ডিজিটাল জগতে মাদকের অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে সাইবার স্পেস, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদক বেচাকেনার দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল-২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

নতুন আইনে বলা হয়েছে, যদি কেউ সরাসরি বা পরোক্ষভাবে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্য ক্রয়, বিক্রয়, সরবরাহ বা প্রচার করেন তবে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। ক্রিপ্টোকারেন্সি, ই-ওয়ালেট বা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এ ধরনের লেনদেনও অপরাধ হিসেবে গণ্য হবে। এই সাইবার অপরাধের ক্ষেত্রে অপরাধীর কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার করা না গেলেও ডিজিটাল তথ্যপ্রমাণ ও লেনদেনের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এছাড়া অপরাধে ব্যবহৃত ডিজিটাল অ্যাকাউন্ট বা সম্পদ আদালতের আদেশে জব্দ বা বাজেয়াপ্ত করার সুযোগ রাখা হয়েছে।

আন্তর্জাতিকভাবে বা সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই অপরাধ সংঘটিত হলে অর্থদণ্ডের পরিমাণ বেড়ে ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া মাঠ পর্যায়ের অভিযান জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আধুনিক অস্ত্রের অনুমতি এবং চোরাচালান ও মাদক শনাক্তে ‘ডগ স্কোয়াড’ গঠনের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...