মেয়াদ শেষের পর চসিক মেয়রের ক্ষমতা ও বাজেট প্রণয়ন নিয়ে প্রশ্ন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়াদ শেষ হওয়ার পরও বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন কোন আইনের অধীনে দায়িত্ব পালন করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। একইসাথে চসিকের ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ জুন) বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়া সভায় হেলালী বলেন, একটি সিটি করপোরেশনের বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়, বরং এটি নগর উন্নয়নের রূপরেখা ও নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন। কিন্তু ঘোষিত বাজেটে সাধারণ নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে তিনি মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেনের মেয়াদকাল চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে উল্লেখ করে হেলালী প্রশ্ন তোলেন, এ অবস্থায় তিনি কীভাবে নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের এখতিয়ার পেলেন। তিনি অভিযোগ করেন, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধি বা নাগরিক সমাজের সাথে কোনো কার্যকর পরামর্শ ছাড়াই এই বাজেট তৈরি করা হয়েছে। এছাড়া ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকায় বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য কার্যকর সিটি গভর্ন্যান্স প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে এই নেতা বলেন, ঘোষিত বাজেটে প্রশাসনিক সংস্কার, ডিজিটাল গভর্ন্যান্স বা নাগরিক সেবার মানোন্নয়নের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।

