ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম বর্ষে প্রধানমন্ত্রীর অভিনন্দন ও শিক্ষা আধুনিকায়নের ডাক
উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে তিনি বিশ্ববিদ্যালয়ের গৌরবগাঁথা ও ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং এর সাফল্য কামনা করেন।
বিবৃতিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯২১ সাল থেকে এই প্রতিষ্ঠানটি দেশে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি। এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ সময়ের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে টিকে থাকতে হলে শিক্ষাক্রম আধুনিকায়ন করা জরুরি বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং প্রোগ্রামিংয়ের মতো আধুনিক বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। সার্টিফিকেট কেন্দ্রিক শিক্ষার পরিবর্তে বাস্তব জীবনে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জনের ওপর জোর দিতে হবে। এছাড়া শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ এবং দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করারও তাগিদ দেন তিনি।

