চট্টগ্রামের মাঠ ও পার্ক আধুনিকায়নে ৩০১ কোটির নতুন প্রকল্প

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৫:২৬ এএম
চট্টগ্রামের মাঠ ও পার্ক আধুনিকায়নে ৩০১ কোটির নতুন প্রকল্প

চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরীর উন্মুক্ত স্থান, পার্ক এবং খেলার মাঠ আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, এ লক্ষ্যে প্রায় ৩০১ কোটি টাকা ব্যয়ে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। নাগরিকদের সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত বুধবার (২৪ জুন) চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই প্রকল্প প্রস্তাব (ডিপিপি) উপস্থাপন করা হয়। এতে একটি কনসালটেন্সি ফার্ম বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন। পর্যালোচনা শেষে পরামর্শ অনুযায়ী প্রস্তাবটি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অতিরিক্ত নগরায়ণের ফলে চট্টগ্রামের সবুজ এলাকা ও খেলার মাঠ ক্রমেই সংকুচিত হচ্ছে। শিশু-কিশোরদের খেলাধুলা, তরুণ প্রজন্মের ক্রীড়া চর্চা এবং প্রবীণদের হাঁটাচলের জন্য পর্যাপ্ত উন্মুক্ত স্থান নিশ্চিত করা এখন সময়ের জরুরি দাবি। তিনি জানান, প্রকল্পের আওতায় মাঠগুলোতে আধুনিক ক্রীড়া সুবিধা, সাইকেল ট্র্যাক, হাঁটার পথ, শিশুদের বিনোদন জোন, নারীদের জন্য নিরাপদ স্থান, পর্যাপ্ত আলো ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে। পাশাপাশি জলাধারগুলো পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধির উপযোগী করে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় উন্মুক্ত স্থান সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে শুধু অবকাঠামোগতভাবে নয়, পরিবেশ ও সামাজিকভাবেও একটি মানবিক নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...