মশা নিধনে ওষুধ শতভাগ কার্যকর: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর মশা নিধন অভিযানে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেছেন, লিকুইড ম্যালাথিউন ও টেমিফস নামক ওষুধটি আইইডিসিআর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষায় শতভাগ সফল প্রমাণিত হয়েছে। মঙ্গলবার নগর ভবনের অডিটোরিয়ামে মশক সুপারভাইজার ও কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আব্দুস সালাম জানান, ওষুধের এই কার্যকারিতা মাঠপর্যায়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই কেবল নগরবাসী এর সুফল পাবেন। এডিস মশা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে তিনি কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশ দেন। ডিএসসিসির ১০টি অঞ্চলের ১ হাজার ৫০ জন কর্মীকে ৫টি ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মশার জীবনচক্র, প্রজাতি শনাক্তকরণ এবং আধুনিক যন্ত্রপাতির দক্ষ পরিচালনার হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও সচিব মোহাম্মদ নাছিম আহমেদ উপস্থিত ছিলেন।
ডিএসসিসি সূত্র জানায়, হটস্পটগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভা নিধন এবং বিকাল ৪টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উড়ন্ত মশা নিধন অভিযান চলমান রয়েছে। মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

