পাইপলাইনে দেশে এলো ভারত থেকে আমদানি করা আরও ৭ হাজার টন ডিজেল

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। বুধবার বিকালে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ মার্চ আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়, যা মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে পৌঁছায়।
এ নিয়ে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করলো বাংলাদেশ। এর আগে গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আনা হয়েছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকৃত ডিজেল বুধবার দুপুর থেকেই ডিলারদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। এমনকি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে যাতে তালিকাভুক্ত ডিলাররা নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ পান।
ডিপোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ডিলারদের মাঝে তেল বিতরণের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। ফলে এলাকায় কোনো ধরনের সংকট সৃষ্টি হওয়া ছাড়াই নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হচ্ছে কর্তৃপক্ষ।

