জ্বালানি সংকট সমাধানে সময় দিতে জনগণের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৯:২৭ এএম
জ্বালানি সংকট সমাধানে সময় দিতে জনগণের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমান জ্বালানি সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি সার্বিক সংস্কার কার্যক্রমে জনগণের সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি খাতের সমস্যা সমাধানে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইতিহাসকে আর কোনো একক গোষ্ঠী বিকৃত করতে পারবে না, কারণ সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সত্য প্রকাশ পেতে বাধ্য। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে একটি সাহসী ও নৈতিক পদক্ষেপ বলে অভিহিত করেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের ইতিহাস বিকৃতির তীব্র সমালোচনা করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, গত সরকারের আমলে রাজনৈতিক কারণে অনেক অ-মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়েছিল। বর্তমান সরকার সেই তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও তিনি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের আন্দোলনের কথা স্মরণ করেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...