যতই প্রভাবশালী হোক, খাল দখলদারদের কোনো ছাড় নয়: আমির খসরু

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ৯:২৪ পিএম
যতই প্রভাবশালী হোক, খাল দখলদারদের কোনো ছাড় নয়: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে এবং এখানে কোনো দুর্নীতির সুযোগ নেই। তিনি স্পষ্ট জানিয়েছেন, খাল দখলে জড়িত যে-ই হোক এবং তার প্রভাব যত বড়ই হোক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। গত সোমবার দুপুরে মীরসরাইয়ের বামনসুন্দরে এক খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার দেশের উন্নয়ন অগ্রাধিকার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের এই খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্য খাতের উন্নতির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি দখলদারদের উদ্দেশ্যে বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, নিজেরাই আগে সংশোধন হয়ে যান।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে বামনসুন্দরের আলিরপোল থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে, যা সরাসরি কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে কৃষি কাজের সেচ সম্ভব হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...