পাংশায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক

মো: আকাশ মাহমুদ
২৫ ডিসেম্বর ২০২৫ ১১:৫৬ এএম
পাংশায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সম্রাট নিহত, অস্ত্রসহ সহযোগী আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির সময় স্থানীয় জনগণের গণপিটুনিতে ‘সম্রাট বাহিনী’র প্রধান সন্ত্রাসী অমৃত মন্ডল ওরফে সম্রাট নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার মৃত অক্ষয় মন্ডলের ছেলে। আটক সহযোগী সেলিম কুষ্টিয়ার বসাকুষ্টিয়া এলাকার বাসিন্দা।

পাংশা মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্রাটের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ সময় সম্রাটের সহযোগী সেলিমের কাছ থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত ছিল। দীর্ঘ সময় ভারতে পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় ফিরে আসে। কয়েকদিন আগে হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকার শহীদ শেখের বাড়িতে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে সম্রাট সহযোগীদের নিয়ে আবার সেখানে যায়।

এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে সম্রাটকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিমকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...