নতুন সদস্য ভর্তির সময়েই ধরা: কবজিকাটা আনোয়ার গ্রুপের নতুন সরদার শাহীন
ঢাকার আদাবর এলাকায় কবজিকাটা আনোয়ার গ্রুপকে আবার সচল করার চেষ্টাকালে ওই গ্রুপের নতুন সরদার শাহীনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার অন্য দুজন হলেন ফরিদ ও শিকদার লিটন।
রোববার (১৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। তিনি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গ্রুপটির প্রতিষ্ঠাতা ও প্রধান মো. আনোয়ারকে বিপুল অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব-২। এরপর বিভিন্ন সময়ে গ্রুপের সদস্যরা ধারাবাহিকভাবে ধরা পড়তে থাকায় সংগঠনটি কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শাহীন নেতৃত্ব কাঁধে নিয়ে গোপনে নতুন সদস্য জোগাড় করে গ্রুপটিকে ঘুরিয়ে দাঁড় করানোর পরিকল্পনা করছিলেন।
নয়মুল হাসান বলেন, গত ১১ এপ্রিল আদাবরে এক পাঠাও ডেলিভারিম্যানের সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় শাহীনের নেতৃত্বের স্পষ্ট প্রমাণসহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি সম্প্রতি চাঁদা না দেওয়ার অভিযোগে এক অটোচালককে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-২ শাহীন ও তার সহচরদের ওপর নজরদারি কড়া করে।
র্যাব জানায়, রোববার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে আদাবরের শেখের টেক এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। তল্লাশিতে থানা লুটের ১৮ রাউন্ড ৯এমএম পিস্তলের ও ৯ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি, একটি ওয়ান শুটারগান, একটি ধারালো অস্ত্র, তিন হাজার ৩৩৫টি ইয়াবা এবং পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটক তিনজনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদের নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

