বাক-স্বাধীনতায় বিশ্বাসী সরকার, চরিত্রহনন মেনে নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, গঠনমূলক সমালোচনার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন কোনোভাবেই তুলনীয় নয়।
মন্ত্রীর ব্যাখ্যা, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী যুক্তিসঙ্গত বিধিনিষেধের আওতায় প্রত্যেক নাগরিকের মত প্রকাশ ও সমালোচনার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু সেই অধিকার কারও ব্যক্তিত্বকে আঘাত করার সুযোগ দেয় না বলেও তিনি উল্লেখ করেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংস্থাটির টেকনিক্যাল অ্যাডভাইজার রুকসানা হক এবং তরুণ রাজনীতিক ও আইআরআই প্রশিক্ষণার্থী চামন ফারিয়া ও মোহাম্মদ প্রিন্স। বৈঠকে সংস্থাটির চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা কর্মসূচি সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করা হয়।
দেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীরা বর্তমানে সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচারের কারণে হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি এবং আইনগত সুরক্ষার আহ্বান জানান। প্রতিনিধিদলকে তিনি আশ্বস্ত করেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ সচেতন।

