ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগ দুঃখজনক, ছিলেন অযোগ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৬ পিএম
ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগ দুঃখজনক, ছিলেন অযোগ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার ভাষ্য, এত ঊর্ধ্বতন পদের দায়িত্ব পাওয়ার মতো বিশ্বাসযোগ্য যোগ্যতা, অভিজ্ঞতা কিংবা দক্ষতার কোনো প্রমাণ পুতুলের কাছে ছিল না।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। সদ্য পদত্যাগ করা পুতুল নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করেছেন বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও দক্ষতার ঘাটতি ধীরে ধীরে সামনে আসবে বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি বলেন, দুর্নীতির দুর্গন্ধ থামানো কঠিন, এটি বের হয়ে আসবেই। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

শুধু একটি পরিবারের সঙ্গে সম্পর্ক থাকার সুবাদেই সায়মা ওয়াজেদকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। তার মতে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়া আরও কঠোর করা প্রয়োজন; পারিবারিক সংযোগের ভিত্তিতে কাউকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া উচিত নয়।

এদিকে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক পদের ভবিষ্যৎ নির্বাচনে বাংলাদেশ মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই প্রার্থীর রয়েছে ভালো যোগ্যতা। অদূর ভবিষ্যতে সংস্থাটি উপযুক্ত নেতৃত্বের হাতে থাকবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...