নাগরিকের গোপন তথ্য অনলাইনে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:২৮ পিএম
নাগরিকের গোপন তথ্য অনলাইনে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব

নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য অনলাইনে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, ডার্ক ওয়েবে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির বিষয়ে দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন লিংক ও ওয়েবসাইটে অনুসন্ধান চালিয়ে কারা এবং কী পদ্ধতিতে নাগরিকের তথ্য বিক্রি করছে, তা শনাক্ত করা হয়। এরপর সারাদেশে একযোগে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের ধরা হয়।

অভিযানে গ্রেফতার হন— নওগাঁ থেকে আব্দুস সালাম সরকার, গাজীপুর থেকে সুব্রত চন্দ্র পাল, নোয়াখালী থেকে ইসমাইল হোসেন সোহাগ, গোপালগঞ্জ থেকে এসএম নাফি এবং ঢাকার কেরানীগঞ্জ থেকে মো. মেহেদী হাসান।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুস সালাম সরকার নাগরিকের তথ্য বিক্রির উদ্দেশ্যে ই-সেবা২৪.টপ (e-seba24.top) নামের একটি এনক্রিপ্টেড ওয়েবসাইট তৈরি করেন। গ্রাহক নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে অর্ডার দিলেই তারা কাঙ্ক্ষিত সব ধরনের তথ্য পৌঁছে দিতেন। চলতি বছরের এপ্রিল মাসে ওয়েবসাইটটি চালু করা হয় এবং সালাম নিজেই ছিলেন এর অ্যাডমিন। উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন।

র‍্যাব-২ অধিনায়ক জানান, আব্দুস সালাম ও তার পরিচিত কিছু ব্যক্তি পরস্পরের যোগসাজশে ওই ওয়েব পেজ ছাড়াও বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে মোবাইল সিমের লাস্ট কল লোকেশন, রেডিও লোকেশন, আইএমইআই সার্চ তথ্য, সিডিআর, সিমের মালিকানা তথ্য, বিকাশ ও নগদ রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ও লেনদেন বিবরণী, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনসহ নাগরিকের গোপনীয় তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিলেন। এছাড়া সুব্রত, ইসমাইল, নাফি ও মেহেদী ফেসবুক মার্কেটপ্লেস এবং বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করতেন।

র‍্যাব জানিয়েছে, নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...