সাইবার অপরাধ ঠেকাতে পুলিশকে দক্ষ করতে প্রশিক্ষণের তাগিদ আইজিপির
দিনদিন যেভাবে বেড়ে চলেছে সাইবার অপরাধ, তা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা ও তদন্ত সক্ষমতা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্ত বিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো উদীয়মান প্রযুক্তি একদিকে যেমন সমাজে সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে তৈরি হয়েছে জটিল চ্যালেঞ্জ। অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবারভিত্তিক প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি এবং ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ ঘটাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে পুলিশিংয়ের ধরনে পরিবর্তন আনা এখন সময়ের দাবি এবং আধুনিক পুলিশিংয়ের জন্য তদন্ত সক্ষমতা অর্জন অত্যন্ত অপরিহার্য।
কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রতি আইজিপির আহ্বান, এখান থেকে কেবল প্রযুক্তিগত দক্ষতাই নয়, একই সঙ্গে প্রশিক্ষণ প্রদান ও যোগাযোগের দক্ষতাও নিজেদের আয়ত্তে আনতে হবে। অর্জিত জ্ঞান অন্যান্য তদন্তকারীদের মাঝে ছড়িয়ে দিলে দেশে দক্ষ সাইবার মামলা তদন্তকারীর সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. মোছা. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণ রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। এ সময় কলেজের অনুষদ সদস্য ও রিসোর্স পারসনেরাও উপস্থিত ছিলেন। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে সাইবার অপরাধ দমনে পুলিশের সামগ্রিক তদন্ত সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

