পর্যটকবান্ধব সাজছে পতেঙ্গা, স্থাপন হবে আধুনিক সুযোগ

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ৬:০৬ এএম
পর্যটকবান্ধব সাজছে পতেঙ্গা, স্থাপন হবে আধুনিক সুযোগ

চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকতকে আরও আধুনিক ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের সুবিধার্থে শীঘ্রই এখানে আধুনিক ডাস্টবিন এবং পর্যাপ্ত ওয়াশ ব্লক স্থাপন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (২৯ আগস্ট) সকালে ‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার লক্ষ্যে পতেঙ্গা সমুদ্রসৈকতে এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এর আগে একটি র্যালি বের করা হয় এবং পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা এবং পরিবেশবাদী সংগঠন ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। এসময় তিনি সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে দোকান মালিকদের নির্দেশনা প্রদান করেন।

পরে জেলা প্রশাসক বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্যের জন্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে পতেঙ্গা অত্যন্ত জনপ্রিয়। তবে সৈকতের পরিবেশ, পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে অনেক পর্যটকের মধ্যে অসন্তোষ রয়েছে। প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সৈকতের সাজসজ্জায় পরিবর্তন আনা হবে যাতে পর্যটকরা নির্মল আনন্দ উপভোগ করতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...