বিমানবন্দরে স্বর্ণ লুট, ছাত্রলীগ পরিচয়ে ছাত্রদল নেতা গ্রেফতার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এক প্রবাসীর পরিবারের কাছ থেকে ২০০ গ্রাম সোনার গহনা ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তরা ঘটনার সময় নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী বলে দাবি করে ভুক্তভোগীকে শারীরিকভাবে হেনস্তা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। শনিবার রাত এবং রোববার সন্ধ্যায় পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে মালয়েশিয়া প্রবাসী কাউসারের ভাই ও তার বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে গহনা নিয়ে হায়েস গাড়িতে ওঠার সময় এই চক্রটি তাদের ওপর হামলা চালায় এবং সোনার গহনা ছিনিয়ে নেয়।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ জানান, প্রবাসীর স্বজনের দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকায় তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আটককৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

