নথি জমে থাকা ঠেকাতে মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত সরকারের
সরকারি কাজের গতি বাড়াতে এবং নথি-পত্র জমার হিড়িক রোধে মাঠে নামছে সরকার। সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। অতিরিক্ত সচিবদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের একাধিক পরিবীক্ষণ দল যেকোনো সময় হানা দিয়ে দপ্তরগুলোর কাজের অগ্রগতি তল্লাশ করবে।
আগামী ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে দপ্তরিয় কাজের গতি বাড়ানো জরুরি বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে চালু ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি’ (জিপিএমএস)-এর মাধ্যমে বছরে মাত্র দুইবার তথ্য যাচাই করা হয়, যা কাজের ধারাবাহিকতা ও দক্ষতা যাচাইতে যথেষ্ট নয়। এ অবস্থায় দৈনন্দিন কাজের তদারকি নিশ্চিত করতেই র্যান্ডম বা দৈবচয়নের ভিত্তিতে এসব পরিদর্শন চালানো হবে।
কর্মসম্পাদনের হার কম এমন মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে পরিদর্শনের আওতায় আনা হবে। পরিদর্শন শেষে দলগুলোকে ওই দিন বা পরের কার্যদিবসেই মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে। নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে এবং সুশাসন নিশ্চিত করতে যথাসময়ে নথি নিষ্পত্তি বাধ্যতামূলক করতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো বলে জানা গেছে।

