বরুড়ার ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন জাকারিয়া তাহের সুমন

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৪৬ পিএম
বরুড়ার ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন জাকারিয়া তাহের সুমন

কুমিল্লার বরুড়া উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি। এর মাধ্যমে ১৯৪৮ সালে উপজেলা গঠনের ৭৮ বছর পর এবং স্বাধীনতার পর থেকে এই এলাকা থেকে প্রথম কোনো পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন তিনি। এই খবরে উপজেলা জুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে এবং দলীয় বৈষম্য ভুলে সবাই নতুন মন্ত্রীকে নিয়ে গর্ব প্রকাশ করছেন।

স্থানীয়দের অভিমত, সুমন একজন অত্যন্ত নম্র ও সৎ মানুষ, যার হাত ধরে বরুড়ার উন্নয়ন ত্বরান্বিত হবে। তার বাবা প্রয়াত একেএম আবু তাহের একাধিকবার এই আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৪ সালের সেপ্টেম্বরে বাবার মৃত্যুর তিন মাস পর উপ-নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রথমবার সংসদে আসেন জাকারিয়া তাহের সুমন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে বরুড়া পৌরসভা ও বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করে একটি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন মন্ত্রণালয় গড়ে তুলবেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...