আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী আমির খসরু
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ সহায়তা নিতে হলে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার ভাষ্য, সংস্থাটির সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে এবং সেই আলোচনা ইতিবাচক পথেই এগোচ্ছে। তবে ঋণের সঙ্গে শর্ত যুক্ত থাকবে, যা বাংলাদেশকে বাস্তবায়নও করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নতুন কর্মসূচির আওতায় কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো কীভাবে পূরণ করা হবে, সে বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। দুই পক্ষের মতবিনিময়ের মাধ্যমেই অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে পৌঁছানো হবে।
খসরু চৌধুরী বলেন, ব্যাংকিং খাত, ট্যাক্স-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে, যাতে বাংলাদেশও সম্মত। এই পর্যায়ে অনেকগুলো সমস্যার ইতিমধ্যেই সমাধান হয়েছে, বাকি বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। সংস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংস্থাটির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক ও ট্যাক্স-জিডিপি অনুপাত নিয়ে তাদের পর্যবেক্ষণের সঙ্গে ঢাকাও একমত এবং অনেকগুলো শর্ত পূরণ সম্পন্ন হয়ে গেছে।
একইসঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্টির কথা জানান অর্থমন্ত্রী। তার বক্তব্য, বাজেট-পরবর্তী অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা দেখে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীদের সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে এগিয়ে নিতে এসব সংস্থার সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

