চাকরিতে ফিরতে চায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পিলখানা তদন্ত প্রকাশের দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ১:২২ পিএম
চাকরিতে ফিরতে চায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পিলখানা তদন্ত প্রকাশের দাবি

অধিনায়কের সামারি কোর্টে শাস্তিপ্রাপ্ত সব বিডিআর সদস্যকে কাজে ফিরিয়ে আনা, নাগরিক অধিকার পুনরুদ্ধার এবং ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আনার দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর-২০০৯’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১২ সালে কোনো পূর্ব নোটিশ বা সুনির্দিষ্ট অপরাধের কারণ দেখানো ছাড়াই প্রায় ১০ হাজার বিডিআর সদস্যকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচার ও অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন বলে জানান তারা। অবিলম্বে এসব সদস্যের পুনর্বহাল করে পূর্ণাঙ্গ নাগরিক অধিকারসহ চাকরিসংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

রোহিঙ্গা ইস্যু তুলে ধরে বক্তারা বলেন, সরকার যদি মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য দেশে আশ্রয় ও সহায়তার ব্যবস্থা করতে পারে, তবে নিজ দেশের নাগরিক হয়েও চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনর্বাসনে বাধা কী?

২০০৯ সালের পিলখানার ঘটনাকে বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, ঘটনার স্বাধীন তদন্ত প্রতিবেদন আলমারিতে বন্দ না রেখে জনসম্মুখে প্রকাশ করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...