গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ১:৪৬ পিএম
গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই স্মৃতি জাদুঘরের এক নম্বর গেটের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫), যার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, জাদুঘরের এক নম্বর গেটের দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল ছুড়ে মারে, যার একটি বিস্ফোরিত হয়। স্প্লিন্টারের আঘাতে নিকটে অবস্থান করা অটোরিকশাচালক আহত হন। খবর পাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত একটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেকের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, হামলায় জড়িত ব্যক্তিরা কে এবং হামলার পেছনে প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। গভীর রাতে এমন বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...