সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রয়াণে শোকবার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৩:২৬ পিএম
সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের প্রয়াণে শোকবার্তা দিলেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ জাতীয়তাবাদী নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

প্রিয় নেতার বিদায়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর শোক জানিয়ে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল হাই ছিলেন নিবেদিতপ্রাণ এক রাজনীতিক, যিনি গণতন্ত্রের প্রতি ছিলেন অবিচল এবং জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত এক সৈনিক। বিএনপিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় ও সুসংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের বন্ধন জোরদারে মরহুমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

দেশে বিভিন্ন সময়ের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে আব্দুল হাই ছিলেন দলের অন্যতম বিশ্বস্ত সৈনিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে তার দৃঢ় অবস্থান দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই মহাযাত্রায় বিএনপি হারাল অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ এক নেতাকে, যা দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তারেক রহমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...