বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগ তুলে ইমন (২১) নামের এক যুবককে আটকে বেধড়ক মারপিটের ফলে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর দায়ের করা মামলার এজাহারভুক্ত চারজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য একজন আসামি এখনো পলাতক রয়েছেন।
গত বুধবার (১৪ অক্টোবর) বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ইমন বাকলিয়া এলাকারই বাসিন্দা। ভাইপোর মৃত্যুতে তার ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলা হওয়ার পরপরই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭) নামের চারজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার এই চারজন বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তহারা বস্তির বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার খবর পেয়ে ইমনের ফুফু ও তার ছেলে ঘটনাস্থলে গিয়ে যুবককে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা ও আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

