দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: মাঠে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

প্রাইম বার্তা অনলাইন
১৫ অক্টোবর ২০২৬ ৩:১২ পিএম
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার: মাঠে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে দেশজুড়ে দুই লাখ বারো হাজার একশো আঠারো জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে মাঠে নামানো হচ্ছে। একইসঙ্গে পূজামণ্ডপগুলোর সুরক্ষায় প্রযুক্তিনির্ভর ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মণ্ডপে আটজন এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্বে থাকবেন, পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক সক্রিয় থাকবে স্ট্রাইকিং পেট্রোল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি জানান, এবার দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯১৪টি মণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

মহাপরিচালক বলেন, মণ্ডপগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল নিয়োজিত থাকবে, যাতে সুযোগসন্ধানী কেউ ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। গত বছরের মতো এবারও ‘শারদীয় সুরক্ষা অ্যাপে’ ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। ঘটনা ঘটলে অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা সম্ভব হবে। গত জাতীয় সংসদ নির্বাচনে এই প্রযুক্তির সফল ব্যবহারের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

দায়িত্বরত সদস্যদের তদারকিতে বাহিনীর নিজস্ব মনিটরিং ব্যবস্থা রয়েছে জানিয়ে সাজ্জাদ মাহমুদ বলেন, অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণ ধরা পড়লে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পূজায় দায়িত্ব পালনের সময় সদস্যদের গভীর রাত পর্যন্ত থাকতে হয়, তবু একজন সদস্য দৈনিক মাত্র ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। এই ভাতা কম মনে করে বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার আশ্বাসও পাওয়া গেছে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...