সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়া—এই সাত রোগে আক্রান্তদের সরকারি আর্থিক অনুদানের যেসব আবেদন এখনো অপেক্ষমাণ রয়েছে, সেগুলো বাতিল করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও অর্থ না পাওয়া ব্যক্তিদের চলতি অর্থবছরে সহায়তা পেতে পুনরায় আবেদন জমা দিতে হবে।
গত ৫ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠি অনুযায়ী, আইডিএসডিপি সফটওয়্যারে ২০২৫-২৬ অর্থবছরে জমা পড়া এমন আবেদনগুলোর বিপরীতে অর্থ বিতরণ করা যায়নি, সেগুলো জেলা থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, গত অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো ২০১৯ সালের কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার ভিত্তিতে গৃহীত হয়েছিল। আর ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে সংশোধিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ফলে নতুন অর্থবছরে আবেদন ২০২৬ সালের সংশোধিত নীতিমালা মেনেই গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছে মন্ত্রণালয়।
এ প্রেক্ষাপটে পুরোনো অপেক্ষমাণ আবেদনগুলো জেলা থেকে উপজেলায় স্থানান্তর না করে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন আবেদন চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনুদানের অর্থ বিতরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

