ওয়ার্ক পারমিটের আশ্বাসে ভিজিট ভিসা, ৫ লাখ টাকা মুক্তিপণ মামলায় গ্রেফতার
মালয়েশিয়ায় বৈধ কাজের ভিসা দেওয়ার আশ্বাসে দুইজনকে ভিজিট ভিসায় পাঠিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় মানিলন্ডারিং মামলায় গ্রেফতার হয়েছেন তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ করিম (৫০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টন থানার পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, গ্রেফতারকৃত মাসুদ করিম শরীয়তপুরের সখিপুর থানার মনাই হাওলাদার কান্দি (চরভাগা) গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়েছে, কাজের পারমিট ভিসার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তিকে আসলে ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়া হয়। এরপর বিমানবন্দর থেকে বের করার পর অজ্ঞাত এক স্থানে তাদের বন্দি করে রাখা হয়।
আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফোন করে ছাড়ার শর্তে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ রয়েছে। মুক্তিপণের অংশ হিসেবে ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায়ের পর ভুক্তভোগীদের একজন থানায় মামলা করেন। পরে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে অনুসন্ধান শেষে মাসুদ করিম এবং তার প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
পুলিশ সুপার জানান, মামলার তদন্ত চলমান রয়েছে। এই চক্রের পলাতক অভিযুক্ত ও দেশি-বিদেশি সহযোগীদের শনাক্তের পাশাপাশি সম্ভাব্য অন্য ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই না করে অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার পরামর্শ দিয়েছেন তিনি। ভিসার নামে অস্বাভাবিক অর্থ দাবি, পাসপোর্ট আটক রাখা কিংবা পাচারের সন্দেহ হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

