সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই নিয়ন্ত্রণে

প্রাইম বার্তা অনলাইন
১৩ অক্টোবর ২০২৬ ৮:১২ পিএম
সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছার আগেই নিয়ন্ত্রণে

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে যাওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন ধরে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের একটি নয়তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টা প্রচেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; সড়ক পরিবহন ও সেতু; ডাক ও টেলিযোগাযোগ; যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান — এই পাঁচ মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় আগুন নেভানোর কাজ চলাকালে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য মো. সোহানুর জামান প্রাণ হারান।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইয়ের তালিকাভুক্ত সচিবালয়ে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক লাইন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে হচ্ছে সংশ্লিষ্ট মহলের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...