বদলি-বাণিজ্য রোধে লটারিতে গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর পদায়ন
বদলি-বাণিজ্য রোধ ও প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে গণপূর্ত অধিদপ্তরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এবারের পদায়নে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ২০টি জোন ও বিভাগে দক্ষ ও যোগ্য প্রকৌশলীদের দায়িত্ব দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও সংসদ সচিবালয়সহ তিন-চারটি গুরুত্বপূর্ণ দপ্তরে আপাতত কাউকে পদায়ন করা হচ্ছে না। এসব প্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। উল্লেখ্য, এর আগে লটারির মাধ্যমে ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী, ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ২১৯ জন সহকারী প্রকৌশলী ও ১৯০ জন উপ-বিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়েছিল। সব মিলিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জন প্রকৌশলী লটারির আওতায় এসেছেন।
লটারির আগে সাংবাদিকদের মন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরকে একটি স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার। বদলি-পদায়নে অনিয়ম বা বাণিজ্যের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, উদ্দেশ্য একটাই – বদলি-বাণিজ্য বন্ধ করা, সুশাসন ফিরিয়ে আনা এবং সবাইকে সমান সুযোগ দেওয়া। তবে মানবিক বিবেচনায় আবেদনের সুযোগ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, গর্ভবতী কর্মকর্তা, প্রতিবন্ধী সন্তানের অভিভাবক অথবা গুরুতর অসুস্থ মা-বাবার পরিচর্যায় নিয়োজিত কর্মকর্তাদের আবেদন বিবেচনা করে তাদের সুবিধামতো পদায়নের ব্যবস্থা করা হচ্ছে।
অতীতে প্রকল্প ও পদায়ন ঘিরে অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে বদলি-পদায়নের পাশাপাশি সরকারি জমি ব্যবস্থাপনা ও আবাসন সেবায় স্বচ্ছতা আনতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাকারিয়া তাহের। মন্ত্রণালয় ও এর অধীন উন্নয়ন কর্তৃপক্ষের জমির তথ্য নিয়ে গড়ে তোলা হচ্ছে ‘ল্যান্ড ব্যাংক’। সরকারের মেয়াদের মধ্যে যতটা সম্ভব জমির তথ্য ডিজিটাল পদ্ধতিতে আনার লক্ষ্য রয়েছে। কোন জমি সরকারের মালিকানায়, কোনটি দখলে এবং কোনটি বেদখল – এসব তথ্য চিহ্নিত করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

