রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশ অবৈধ দখলমুক্ত করতে বড় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসানো ভ্রাম্যমাণ বাজার অপসারণ করা হয়।
পুরো অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক। দীর্ঘদিন ধরে ভুলতা-গাউছিয়া এলাকায় হকারদের অবৈধ দখলে মহাসড়কে যানবাহন চলাচলে ভোগান্তি চরমে ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এর আগেও এই এলাকায় একাধিকবার উচ্ছেদ অভিযান হলেও কিছুদিন পর আবারও ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়। তিনি বলেন, এবার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নতুন করে কেউ যেন দখল করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
ইউএনও এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিতভাবে এখানে দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে সড়কে ডিভাইডার স্থাপন করে যানবাহন চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

