শিক্ষিকা রনজিনা হত্যায় নতুন দুই গ্রেফতার, র‍্যাবের গ্রেফতার ভুল দাবি ডিবির

প্রাইম বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫:০৯ পিএম
শিক্ষিকা রনজিনা হত্যায় নতুন দুই গ্রেফতার, র‍্যাবের গ্রেফতার ভুল দাবি ডিবির

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইয়ের সময় শিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় নতুন দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ডিবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডে র‍্যাবের হাতে আগে গ্রেফতার হওয়া ব্যক্তিরা আসলে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের নাম খোকন ও রাজীব মাতব্বর। তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের পাশাপাশি ভুক্তভোগীর ব্যাগ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। ডিবির দাবি, র‍্যাব পূর্বে উদ্ধার করা মোটরসাইকেলটিও এই ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।

গত ২৯ আগস্ট শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্তে, জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট পেরিয়ে খেজুরবাগানের মুখে সড়কে ছিনতাইয়ের শিকার হন শিক্ষিকা রনজিনা পারভীন। এ সময় রিকশা থেকে পড়ে মারাত্মক আহত হন তিনি। জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঘটনার পরপরই তেজগাঁও বিভাগ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হলে ঢাকা ও সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...