মেট্রোরেলের ফাটলে দুর্নীতির প্রমাণ মিললে জবাবদিহি হবে: প্রতিমন্ত্রী
মেট্রোরেলের পিলারে ফাটল ধরা এবং বিয়ারিং প্যাডে ত্রুটি পাওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী জানান, এমআরটি লাইন সিক্সের বর্তমান অবস্থা নিয়ে তদন্ত চলছে এবং এই সেবাকে দ্রুততম সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য পর্যায়ে নিয়ে যেতে কাজ করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কোনো ত্রুটি, গাফিলতি, অবহেলা কিংবা দুর্নীতির কারণে মানগত দুর্বলতা সৃষ্টি হয়ে থাকলে সেক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা হবে।
মেট্রোরেল ঘিরে তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী। প্রথমত, সরকার যে বিপুল অর্থ ব্যয় করছে তার বিনিময়ে মানসম্মত সেবা নিশ্চিত করা। দ্বিতীয়ত, অর্থায়নকারী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানদের কমপ্লায়েন্সের আওতায় আনা। তৃতীয়ত, ভূগর্ভস্থ অংশের ঝুঁকি, যা আগে হিসাবে ধরা হয়নি। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ভূগর্ভস্থ অংশের ওপরে থাকা বাসাবাড়ি, অফিস-বিল্ডিং, রাস্তাঘাটসহ যেকোনো স্থাপনায় ফাটল বা দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কেবল ক্ষতিপূরণ নয়, মেরামতসহ সব দায় তিন বছর পর্যন্ত বহন করবে।
এছাড়া মেট্রোরেলে নতুন নতুন সংযোজনের ফলে একদিকে যেমন খরচ বেড়েছে, অন্যদিকে নিরাপত্তা ও প্রযুক্তিগত দিককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সব প্রকল্পে প্রযুক্তি স্থানান্তরকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কেবল জনবল নয়, প্রাতিষ্ঠানিকভাবেও প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করতে সমান্তরাল ও সম্পূরক প্রকল্প গ্রহণ করা হবে।

