স্বাস্থ্য সহযোগিতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর বৈঠক
জনস্বাস্থ্য, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতি সামলানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কার্যালয়ে তার সঙ্গে সংস্থাটির প্রতিনিধি ড. আহমেদ জামশীদ মোহামেদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের স্বাস্থ্য খাত মজবুত করতে ডব্লিউএইচওর নিরন্তর সহায়তার ভূয়সী প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উদীয়মান জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।
অন্যদিকে ডব্লিউএইচওর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান ও পরিকল্পিত কার্যক্রম সম্পর্কে অবগত করেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, দক্ষতা বৃদ্ধি, রোগের নজরদারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি।
দুই পক্ষ জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশ ও ডব্লিউএইচওর সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

