চট্টগ্রামে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৮৭, জব্দ হাজারো ইয়াবা
মাদক নিয়ন্ত্রণে টানা ২৪ ঘণ্টার বিশেষ তৎপরতায় চট্টগ্রামে বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২১৩ জন মাদকসংশ্লিষ্ট অভিযোগে আটক হয়েছেন এবং একই সময়ে ৫১টি মাদক মামলা নথিভুক্ত হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদক সংক্রান্ত মামলায় আটক ১৪৭ জনের মধ্যে দুজন বাহক ও ১৪৫ জন সেবী হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ৬৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে, সাথে আদায় হয়েছে ৩২ হাজার ২০০ টাকা জরিমানা।
এ তৎপরতায় প্রচুর পরিমাণে মাদকদ্রব্যও জব্দ হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ৩০১ লিটার চোলাই মদ, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
অন্যদিকে নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেফতার ৩৭৪ জনের বিবরণও প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন, পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জন রয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ রক্ষায় মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

