গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র‍্যাবের জালে ৫

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯ পিএম
গেন্ডারিয়ায় মাদক দ্বন্দ্বে গুলি: অস্ত্র-ইয়াবাসহ র‍্যাবের জালে ৫

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতীটোলায় মাদক ব্যবসার প্রতিপত্তির লড়াইয়ে সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনায় র‍্যাব-১০ পৃথক অভিযানে ৫ জনকে গ্রেফতার করেছে। আটক এক আসামির কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন র‍্যাব-১০এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। তিনি জানান, গত ৩০ আগস্ট করাতীটোলা এলাকায় মাদকের নিয়ন্ত্রণ ঘিরে সৃষ্ট সংঘর্ষে সাধারণ পথচারী আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) এবং চা-দোকানি আলমগীর (৩৩) গুলিবিদ্ধ হন। এদের মধ্যে আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাম পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে।

আহতদের শারীরিক অবস্থার হালনাগাদ দিয়ে র‍্যাব কর্মকর্তা বলেন, আলমগীর হোসেন রাসেল ও সিয়াম হোসেন রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ আছেন। আশা আক্তারের অবস্থাও স্থিতিশীল, তবে তার পা থেকে গুলিটি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই স্থানীয় সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে র‍্যাব-১০। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় গেন্ডারিয়া থানাধীন মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)-কে আটক করা হয়। এরপর ৮ সেপ্টেম্বর গ্রেফতার হন মোহাম্মদ শাহীন (৩৪)। এর ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিমকে (১৮) গ্রেফতার করা হয়। শৈকতের কাছ থেকে ১২ রাউন্ড তাজা গুলি ও ৩টি ম্যাগাজিনসহ ২টি বিদেশি পিস্তল, ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যমানের ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা এবং নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারের বার্তা দিয়ে র‍্যাব-১০ অধিনায়ক বলেন, আমাদের মেসেজ একটাই—যে কোনো অপরাধী অপরাধ করে যেন পার না পায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...