রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির বড় অভিযানে ৪৭৬ গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানী জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটক হওয়াদের মধ্যে সর্বোচ্চ ১২২ জনই রয়েছে মিরপুর বিভাগের তালিকায়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, তেজগাঁও বিভাগে ৭০ জন, মতিঝিল বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, গুলশান ও উত্তরা বিভাগে ৪৮ জন করে, লালবাগ বিভাগে ২৯ জন, রমনা বিভাগে ২৭ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৯টি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
এসব অভিযানে মাদক ও অস্ত্রসহ নানা জিনিস জব্দ হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন। এছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, সাতটি মোবাইলফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট এবং ৮ হাজার ৪০০ টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান আগামীতেও চলমান থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

