ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও ৯ উপন্যাসের মোড়ক উন্মোচন

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৬ পিএম
ডাকসুর উদ্যোগে জুলাই বিপ্লব নিয়ে ২৯ গল্প ও ৯ উপন্যাসের মোড়ক উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজন করা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত রচনার মধ্য থেকে বাছাই করা জুলাই বিপ্লব থিমের ২৯টি গল্পের স্মারক গ্রন্থ ও ৯টি নির্বাচিত উপন্যাসের মোড়ক উন্মোচিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ডাকসু সভাকক্ষে এসব বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ঘটানো হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন ডাকসুর সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তাঁর সম্পাদনায় গল্পসংকলনটির নাম রাখা হয়েছে ‘মহাকালের মর্সিয়া’। প্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘রক্তে লেখা জুলাই’, ‘জনতার অভ্যুত্থান’, ‘শ্রাবণের কান্না’, ‘ধূসর কৃষ্ণচূড়া’, ‘ব্যারিকেডের ওপারে’, ‘রক্তাক্ত কোটায় কৃষ্ণচূড়া’, ‘রক্তে ভেজা জুলাই’, ‘লস্করহাট’, ‘লাল জুলাইয়ের দিনগুলো’ এবং ‘ইলিশ ফাইল’।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, জাতীয় ‘জুলাই গল্প ও উপন্যাস’ প্রতিযোগিতায় প্রায় এক হাজার রচনা জমা পড়েছিল। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত ২৯টি গল্প নিয়ে সংকলন এবং ৯টি উপন্যাস আলাদাভাবে ছাপার উদ্যোগ নিয়েছে ডাকসু। ইতিমধ্যে ৮টি প্রকাশনার মোড়ক খোলা হয়েছে, যা শিগগিরই শিক্ষার্থী ও পাঠকদের হাতে পৌঁছে দেওয়া হবে। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে এই গ্রন্থগুলো জুলাইয়ের ইতিহাস ও সমাজ-বাস্তবতা গবেষণার গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হবে। নতুন প্রজন্মের লেখকরা লেখালেখি চালিয়ে গেলে বাংলা সাহিত্যে বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও অভিজ্ঞতার নিজস্ব ধারা আরও শক্তিশালী হবে বলেও তিনি মনে করেন।

ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খান বলেন, জুলাইকে শুধু রাজনৈতিক আন্দোলন হিসেবে বিচার করলে এর প্রকৃত অর্থ ধরা পড়বে না; এটি ছিল সাধারণ মানুষের আবেগ, স্বপ্ন ও অধিকার আদায়ের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা এক অভ্যুত্থান। সেই আবেগ ও মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে সাহিত্যের মাধ্যমে ডকুমেন্ট করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ডাকসুর এই উদ্যোগ। মাঠে সরাসরি থাকা লেখকদের নিজস্ব অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া এই রচনাগুলো জুলাইয়ের মানবিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...