জর্দ্দা-গুলে সিসার শঙ্কা, খাদ্যে কেমিক্যাল নিয়ে প্রশ্ন মিলনের
সিগারেট, জর্দ্দা ও গুল পরীক্ষায় ভয়াবহ মাত্রার হেভিমেটাল পাওয়ার অভিজ্ঞতা থেকে খাদ্যে ব্যবহৃত কেমিক্যাল নিয়ে সতর্কবার্তা দিয়েছেন মাহবুব কবির মিলন। তার মতে, অসচেতনভাবে ব্যবহৃত কেমিক্যাল খাদ্যকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফুড সেফটি অথরিটিতে দায়িত্ব পালনকালে সিগারেট, জর্দ্দা ও গুল পরীক্ষায় উচ্চমাত্রার হেভিমেটাল ধরা পড়ে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে জর্দ্দা ও গুল প্রস্তুতকারকেরা তার কাছে আসেন। জীবিকার প্রশ্ন তুলে তারা ব্যবস্থা শিথিল করার অনুরোধ জানান। তবে মিলন আবেদনে কান না দিয়ে বরং ব্যবহৃত কাঁচামাল ও কেমিক্যালের আলাদা ল্যাব পরীক্ষার নির্দেশ দেন।
পরীক্ষার ফলাফলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তামাক পাতার মতোই ব্যবহৃত তরল কেমিক্যালেও পাওয়া যায় অতি উচ্চমাত্রার হেভিমেটাল। তিনি দাবি করেন, কোনো কোনো ক্ষেত্রে এই কেমিক্যাল প্রায় পুরোপুরি সিসা বা লেড হতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক।
এই কেমিক্যাল খাদ্য বা প্রক্রিয়াজাত খাবারে মেশালে জনস্বাস্থ্য গুরুতর হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। প্রশ্ন তুলে মিলন বলেন, “এখন সেই রকম অন্য কাজের কেমিক্যাল যদি বর্বর আর পিশাচ জাতি খাবারে বা প্রসেসড ফুডে মেশায়, তাহলে সেই খাবার কি জান্নাতি খাবার হবে?” এছাড়া সিগারেট, জর্দ্দা ও গুল ব্যবহারের সঙ্গে ক্যান্সারের ঝুঁকির কথা মনে করিয়ে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

