বেনজীরকে ফেরানোর ব্যবস্থা জানাতে স্পিকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ২:১৭ এএম
বেনজীরকে ফেরানোর ব্যবস্থা জানাতে স্পিকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর পদক্ষেপ সরকার কী নিচ্ছে, তা শিগগির জাতীয় সংসদে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। একই সঙ্গে দুবাইয়ে বেনজীর যেভাবে জামিন মুক্তি পেলেন, সেই প্রক্রিয়ার বিষয়েও মন্ত্রীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই নির্দেশ দেন।

সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম সংসদের ১৪৭ বিধি অনুযায়ী বেনজীরকে দেশে ফিরিয়ে আনার দাবিতে একটি সাধারণ প্রস্তাব উত্থাপন করেন। এ নিয়ে দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটি ডাকা হলে পক্ষে হ্যাঁ ও বিপক্ষে না ভোট পড়ানো হয়। ফলাফল ঘোষণা করে স্পিকার জানান, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে এবং এভাবে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়েছে।

স্পিকার বলেন, সংসদের অভিমত হলো, বহু ঘৃণ্য অপরাধে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দুবাইতে জামিন পেলেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই জাতীয় সংসদকে অবহিত করবেন। এই অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার যা ব্যবস্থা নিচ্ছে, তা সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমসহ প্রতিটি সদস্যকে যথাসময়ে জানাতেও তিনি নির্দেশ দেন।

প্রস্তাবটির ওপর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীরসহ বিদেশে আশ্রয় নেওয়া কোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনতে সরকার কোনো শৈথিল্য দেখাবে না। তাঁর ভাষায়, বেনজীরের বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, কথিত একাধিক পাসপোর্টের অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে অবৈধভাবে অর্জিত সম্পদ শনাক্ত ও আইনানুগভাবে জব্দের লক্ষ্যে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...