রাজধানীতে ডিবির দুই অভিযানে ৯ হাজার ইয়াবাসহ নারীসহ ৪ আটক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত পৃথক দুটি অভিযানে মোট ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় এক নারীসহ মাদক কারবারির সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ডিবির গুলশান বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত ডিআইজি আ. ফ. ম. আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন—শরীফ মিয়া ওরফে রাজন (২৩), মো. লুৎফর (৩০), মো. হাফেজ মিয়া (৩৩) ও রেখা বেগম (৪৪)।
গোয়েন্দা কর্মকর্তা জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিকদার ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনের (সিএনজি রিফুয়েলিং স্টেশন) সামনে অভিযান চালায় ডিবির একটি দল। মহাখালী থেকে মগবাজারগামী সড়কে শরীফ মিয়া ওরফে রাজনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ছয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরীফ মিয়া পেশাদার মাদক কারবারি।
এরপর একই গোয়েন্দা দল যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর, হাফেজ মিয়া ও রেখা বেগমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক কারবার নির্মূলে ডিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

