পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে ই-কেস ফাইলিং সিস্টেম বানাবে ড্রিম৭১
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের বিচার বিভাগের জন্য ইলেকট্রনিক কেস ফাইলিং সিস্টেম তৈরির দায়িত্ব পেয়েছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে এ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।
ইউএনডিপির ‘স্পটলাইট ইনিশিয়েটিভ ২.০’ কর্মসূচির আওতায় প্রকল্পটি পরিচালিত হবে। এর মূল লক্ষ্য সিয়েরা লিওনের আইন মন্ত্রণালয় এবং সে দেশের পুলিশের ফ্যামিলি সাপোর্ট ইউনিটের (এফএসইউ) মধ্যে মামলা ব্যবস্থাপনা ও সমন্বয়ের প্রক্রিয়াকে আরও কার্যকর করা।
প্রকল্পের আওতায় একটি সমন্বিত ডিজিটাল ফাইলিং কাঠামো নির্মাণের পাশাপাশি মামলার নম্বর ও শ্রেণিবিন্যাস, মামলার অগ্রগতি পর্যবেক্ষণ, রেফারেল ট্র্যাকিং এবং মুলতবি কার্যক্রমে স্বয়ংক্রিয় সতর্কবার্তার সুবিধা থাকবে। এ ছাড়া মামলাসংক্রান্ত তথ্য নিরাপদে ডিজিটাল ও ফিজিক্যাল উপায়ে সংরক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় প্রটোকল তৈরি করা হবে।
এ বিষয়ে ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, প্রকল্পটি শুধু তাঁদের প্রতিষ্ঠানের জন্য নয়, বাংলাদেশের প্রযুক্তিখাতের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক। ইউএনডিপির আরেকটি প্রকল্প পাওয়া প্রমাণ করে যে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের জন্য ক্রমেই জটিল ডিজিটাল সমাধান দিতে সক্ষম হয়ে উঠছে বলে জানান তিনি। বাংলাদেশের আইসিটি দক্ষতাকে আরও বেশি দেশে নিয়ে যেতে চান তিনি।
সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ড্রিম৭১-এর কাজের পরিধি ক্রমেই বাড়ছে। জাপান, দক্ষিণ কোরিয়া, পূর্ব তিমুর, জাম্বিয়া, তুরস্ক, গাম্বিয়া, লেসোথো, উগান্ডা, আফগানিস্তান, নেদারল্যান্ডস ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ইউএনডিপির ১৯টি প্রকল্পে ইতিমধ্যে অংশ নিয়েছে তারা। বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ডিজিটাল সেবা ও সফটওয়্যার সমাধান দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে প্রতিষ্ঠানটির।

